পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের পুকুরে ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের দ্বীপ শীলের (৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দ্বীপ শীল বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। মাত্র তিন বছর তিন মাস বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল শিশুটি। হাস্যোজ্জ্বল মুখ আর বিভিন্ন সৃজনশীল ভিডিওতে উপস্থিতির কারণে অল্প সময়েই অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছিল সে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিচ্ছিল দ্বীপ। এসব ভিডিওতে শিশুটির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠে সে। অল্প বয়সেই তার প্রতি তৈরি হয় অনেকের ভালোবাসা ও আগ্রহ।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার পরিচিতজন, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। যে শিশুটিকে বিভিন্ন ভিডিওতে হাসিখুশি অবস্থায় দেখা যেত, তার মৃত্যুর খবর অনেকের কাছেই বেদনাদায়ক হয়ে উঠেছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এদিকে দ্বীপের অকালমৃত্যুর খবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করেন তার কাকা বিপ্লব শীল। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক ও সমবেদনা জানিয়ে মন্তব্য করেন অসংখ্য মানুষ। অনেকে শিশুটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা তুলে ধরেন।
মাত্র তিন বছর বয়সে দ্বীপের এমন চলে যাওয়া পরিবার ও স্বজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠা শিশুটির মৃত্যুতে শোকাহত তার শুভাকাঙ্ক্ষীরাও।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: