লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী
লাউয়াছড়া বনে তীব্র পানি ও খাদ্যসংকট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুষ্ক মৌসুমের শুরুতেই বন্যপ্রাণীদের জন্য তীব্র পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে; যা সংরক্ষিত এই বনের জীববৈচিত্র্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, বনের বুক চিরে বয়ে যাওয়া প্রাকৃতিক ঝিরি, ছড়া ও নালাগুলো শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় বিলুপ্তপ্রায় উল্লুক, হরিণ, বানর ও বুনো শূকরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি এখন তৃষ্ণা মেটানোর সুযোগ পাচ্ছে না। অতীতে লাউয়াছড়া ও জানকি ছড়ায় কৃত্রিম পানির কুয়া খনন করা হলেও তদারকির অভাবে সেগুলো বর্তমানে বালু ও পলি জমে ভরাট হয়ে গেছে। একদিকে পানীয় জলের অভাব, অন্যদিকে বনের গাছ-বাঁশ উজাড় হওয়ার ফলে সৃষ্ট খাদ্যসংকট মেটাতে বাধ্য হয়েই বন্যপ্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে, যেখানে তারা মানুষের হাতে প্রাণহানি বা আঘাতের শিকার হচ্ছে। পাশাপাশি পর্যটকদের উচ্চশব্দ এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলায় বনের শান্ত পরিবেশ ও প্রাণীদের আবাসস্থল দূষিত হচ্ছে।
পরিবেশকর্মী নজমুল ইসলাম দ্রুত কৃত্রিম জলাধার নির্মাণের দাবি জানালেও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর অভয়ারণ্য এই জাতীয় উদ্যান রক্ষায় অবিলম্বে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ এবং বনের গাছ চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।
এ রহমান
মন্তব্য করুন: