সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা
মাধবপুরে ছাত্রলীগ নেতার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা
হবিগঞ্জের মাধবপুরে সদ্য কারামুক্ত এক ছাত্রলীগ নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের একটি মামলায় জামিনে মুক্তির পর তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট ও পোস্টার প্রচার করছেন। এসব পোস্টে তিনি নিজেকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করছেন।
ওই নেতা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁর ছবি ব্যবহার করেও প্রচারণা চালাতে দেখা গেছে। তিনি ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাহবুবুর রহমান সোহাগের নাম আলোচনায় রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে ওই নেতাকে সক্রিয় দেখা যাচ্ছে। তাঁর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণে রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।”
অন্যদিকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর অতিরিক্ত সক্রিয়তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। পরিস্থিতি বিবেচনায় সংযত থাকার পরামর্শ দেন তাঁরা।
রাজীব দেব রায়
মন্তব্য করুন: