নামেই প্রথম শ্রেণির পৌরসভা: সামান্য বৃষ্টিতে পানিবন্দি মাধবপুরের বাসিন্দারা
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পেলেও নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে চরম বঞ্চনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার অনেক রাস্তাঘাট তলিয়ে যায় এবং ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে পৌর কার্যালয়ের ঠিক পেছনে অবস্থিত আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলের কোনো উপযুক্ত রাস্তা নেই; সামান্য বৃষ্টিতে হাঁটার পথটুকুও কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার মেলেনি।
আবেদনে উল্লেখ করা হয়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের (উপজেলা পরিষদ) পেছনের অংশের বাসিন্দারা গত এক যুগ ধরে অবহেলিত। সেখানে চলাচলের জন্য যেমন নেই প্রশস্ত রাস্তা, তেমনি নেই উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। আগে ওই এলাকার মানুষ উপজেলা প্রশাসনের ভেতরের রাস্তা ব্যবহার করলেও ২০২০-২১ সালে নিরাপত্তা অজুহাতে দেয়াল নির্মাণ করায় তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে সাবেক মেয়র শাহ মো. মুসলিমের বাড়ির নিকট থেকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছন দিয়ে সদর হাসপাতাল পর্যন্ত একটি অত্যন্ত সরু রাস্তা করা হলেও তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তাটি এতটাই সরু যে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ নেই।
মাধবপুর পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ বিষয়ে জানান, নাগরিকদের সেবা প্রদান করা তাঁদের প্রধান দায়িত্ব এবং সমস্যা সমাধানে তাঁরা চেষ্টা করছেন; এই রাস্তাটি উন্নয়নের জন্য পৌরসভার বিশেষ পরিকল্পনা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: