বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে যশোরে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন, যাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন— মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তাঁর পিতা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির ৪ বছর বয়সী শিশুকন্যা শেহেরিশ। আহতদের মধ্যে রয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানিয়েছেন, জনি নিজেই প্রাইভেটকারটি চালিয়ে চুয়াডাঙ্গার নানাবাড়ি থেকে যশোরের দিকে আসছিলেন। পথে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশের একটি বড় বটগাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা জনি ও তাঁর বাবা আব্দুল মজিদ সরদার প্রাণ হারান। স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়িতে থাকা অন্য ৪ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশু শেহেরিশের মৃত্যু হয়। গুরুতর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
নিহত জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, পারিবারিক অনুষ্ঠান শেষে ফেরার পথে এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজ দাফনের প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: