‘ফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা’: হবিগঞ্জে হুইপ জি কে গউছ
Led Bottom Ad

‘ফল খারাপ হলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা’: হবিগঞ্জে হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০৩/২০২৬ ০৮:১২:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 জাতীয় সংসদের হুইপ জি কে গউছ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল আশানুরূপ হয় না বা খারাপ হয়, সেখানে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদেরও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। বুধবার (২৫ মার্চ) সকালে হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ গউছ মেধার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "মেধা বাজারে বিক্রি হয় না; এটি নিজেকেই অর্জন করতে হয়। লেখাপড়ায় অধিক মনোযোগী হয়ে পরীক্ষার ফলাফল ভালো করতে হবে। তোমাদের ভবিষ্যৎ তোমাদেরই হাতে। রাষ্ট্র কেন বিনিয়োগ করবে যদি ফলাফলই খারাপ হয়?" শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, "প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের দলাদলি থেকে বিরত থাকতে হবে। আপনাদের রাজনীতির কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে বিএনপিতে নতুন করে যোগদানের কোনো প্রয়োজন নেই বলে দল থেকে আগেই জানানো হয়েছে।" তিনি সতর্ক করে বলেন, পড়াশোনার মান উন্নত না হলে কখন কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা সংশ্লিষ্টরা কল্পনাও করতে পারবেন না।

অভিভাবকদের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "অভিভাবকরা অনেক আশা নিয়ে সন্তানদের আপনাদের কাছে পাঠিয়েছেন। তাদের সঠিক আদব-কায়দা ও মানসম্মত শিক্ষা দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব।"

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা জি কে মাওলা ও কলেজের অধ্যক্ষ আবুল হাসান। সভায় প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad