চুনারুঘাটে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
Led Bottom Ad

চুনারুঘাটে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৬/০৩/২০২৬ ২১:৫৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান রজনীগন্ধার স্টিক দিয়ে প্রতিটি বীর মুক্তিযোদ্ধাকে পরম মমতায় বরণ করে নেন। প্রশাসনের এমন ব্যতিক্রমী ও সম্মানজনক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত যুদ্ধজয়ের নায়করা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার বলেন, ‘এ ধরনের সম্মান আগে কখনো পাইনি। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ তরুণ কর্মকর্তাদের কাছ থেকে সম্মান পেয়ে আনন্দ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, ‘দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি; আজ এই সম্মান পেয়ে আমরা গর্বিত।’ অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার তাঁর বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি, এখন দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দেশ দেখতে চাই। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা—দেশকে সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালনা করা হোক।’

সংবর্ধনা শেষে ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী প্রমুখ। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মহিমা তুলে ধরে তাঁদের উত্তরসূরিদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad