কুলাউড়া সীমান্তে চোরাকারবারি সন্দেহে ৩ যুবককে নিয়ে গেল বিএসএফ
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক যুবকদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
আটককরা হলেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি।
আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া জানান, আমার ভাই মাসুকসহ সোহাগ ও সিপার বাংলাদেশ অংশেই মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি।
শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া বলেন, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলো বলে শুনেছি। পরে বিএসএফ এসে ধরে নিয়ে যায়। বিজিবিকে জানানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: