মৌলভীবাজার বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন কাউন্টারকে জরিমানা
মৌলভীবাজার জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি বাস কাউন্টারকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়, দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং টিকিট বিক্রির রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার সত্যতা পাওয়া যায়। সড়ক পরিবহন আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনিয়মের দায়ে অভিযুক্ত তিনটি কাউন্টারকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের জনভোগান্তি সৃষ্টিকারী কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত বাজার ও পরিবহন সেক্টরে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: