হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের সাইফুল মিয়ার সঙ্গে মশাদিয়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ইমন মিয়া এবং বাবুল মিয়ার ছেলে লোকমান ও সালমান মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার দুপুরে সাইফুল মিয়া মশাদিয়া গ্রামে তার বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরবর্তীতে সবুজের স্বজনরা এই হামলার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন, যাদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় জড়িত হাঙ্গামাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: