লাখাইয়ে ১৮০ বনাম ৩০ টাকা: তুচ্ছ পাওনা নিয়ে সংঘর্ষে আহত ৩০
দোকানের পাওনা মাত্র ১৮০ টাকা নাকি ৩০ টাকা—এমন এক তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নিয়েছিলেন একই গ্রামের রওশন মিয়া। জালালের দাবি অনুযায়ী পাওনা ১৮০ টাকা হলেও রওশন তা মাত্র ৩০ টাকা বলে দাবি করেন। এই নিয়ে শুরুতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে বড় ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ নেয়।
সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাখাই থানা পুলিশ।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া টাকার পরিমাণ নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: