হবিগঞ্জে জগন্নাথ মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে প্রশাসন
Led Bottom Ad

হবিগঞ্জে জগন্নাথ মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে প্রশাসন

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

৩০/০৩/২০২৬ ১৯:৪২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী গিলাতলী জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।


উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে অভিযোগটি তদন্ত করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি হরিশচন্দ্র সেন, সাধারণ সম্পাদক পংকজ পাল, ক্যাশিয়ার সুকুমার সরকারসহ আরও দুই সদস্য।


স্থানীয়দের অভিযোগ, মন্দিরের দিঘি ইজারা থেকে প্রাপ্ত প্রায় ১৫ লাখ টাকা, দিঘির মাটি বিক্রির কোটি টাকার আয়, প্রায় ১০ একর জমির ইজারা এবং ভক্তদের দান-অনুদানের বড় একটি অংশ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই দিঘি খননের জন্য ২২ লাখ টাকা দেওয়া হয়, যা নিয়েও প্রশ্ন উঠেছে।


অভিযোগে বলা হয়, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অন্তত এক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মসাৎ করা অর্থ দিয়ে ব্যক্তিগত সম্পদ গড়ে তোলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।


এদিকে মন্দিরের পুরোহিত ও সংশ্লিষ্টরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। পুরোহিত শিমুল চক্রবর্তী বলেন, তাঁরা মানবেতর জীবনযাপন করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।


অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করা হলে সভাপতি ও সাধারণ সম্পাদককে পাওয়া যায়নি। তবে ক্যাশিয়ার সুকুমার সরকার দাবি করেন, কাগজে তাঁর স্বাক্ষর থাকলেও সিদ্ধান্তগুলো অন্যরা নিয়েছেন এবং অর্থ আত্মসাতের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।


মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, মন্দিরটি পরিচালনা কমিটির অধীনে হলেও অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


উপজেলা প্রশাসনের নির্দেশনায় আগামী ৬ এপ্রিল মন্দির প্রাঙ্গণে সরেজমিন তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে। উপস্থিত না থাকলে একতরফা প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad