মাধবপুরে ফসলি জমির মাটি পাচার, দিন-রাতে ট্রাক চলাচল
Led Bottom Ad

মাধবপুরে ফসলি জমির মাটি পাচার, দিন-রাতে ট্রাক চলাচল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/০৩/২০২৬ ১৯:৫২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দিন-রাত মাটি কেটে ট্রাকে করে পাচার করছে।


সরেজমিনে দেখা গেছে, এলাকায় একাধিক এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে মাটি উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি ট্রাক মাটি বহন করছে বলে জানান স্থানীয়রা। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের কাছ থেকে একটি পুরোনো পুকুর পুনঃখননের জন্য এক মাসের অনুমতি নেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, সেই অনুমতির অপব্যবহার করে পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে।


সম্প্রতি রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে এবং একটি এক্সকাভেটর ও দুটি ট্রাক জব্দ করে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। তবে পরদিন সকালেই আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সেনাবাহিনী আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলেও পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।


অন্যদিকে, সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, মাটি পাচারের অভিযোগের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad