শ্রীমঙ্গলে হাসপাতালের কোয়ার্টার থেকে বিষধর সাপ উদ্ধার
Led Bottom Ad

আতঙ্কিত বাসিন্দারা

শ্রীমঙ্গলে হাসপাতালের কোয়ার্টার থেকে বিষধর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৭/০৪/২০২৬ ১৪:৩০:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি আবাসিক ভবন থেকে একটি বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত প্রায় ৮টার দিকে হাসপাতালের কোয়ার্টারের একটি বাসায় সাপটি দেখতে পেয়ে কক্ষের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতরে হঠাৎ সাপটি নজরে আসায় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় ঘরের ভেন্টিলেটরের ভেতর থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত সাপটি কালনাগিনী প্রজাতির বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সাপটিকে রাতেই শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে। জনাকীর্ণ আবাসিক এলাকায় এমন বিষধর সাপের উপস্থিতিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো চাপা আতঙ্ক বিরাজ করছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষার শুরুতে বা ঝোপঝাড় পরিষ্কারের অভাবে অনেক সময় সাপ লোকালয়ে চলে আসে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তবে সাপটিকে না মেরে উদ্ধার করায় সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় পরিবেশবাদীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad