সিলেটে বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যানে ওপর সন্ত্রাসী হামলা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরের উপশহর-শিবগঞ্জ সড়কের বি ব্লকের ১৮ নম্বর সড়কে এই হামলার শিকার হন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪টি মোটরসাইকেলে আসা একদল অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে সোয়েব আহমদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর আঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরবর্তীতে গভীর রাতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও ঘটনার চারদিন পর গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার আঘাতপ্রাপ্ত ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে।
সোয়েব আহমদের ছোট ভাই ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল জানান, তার ভাই বর্তমানে আশঙ্কামুক্ত এবং কিছুটা সুস্থ রয়েছেন, তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জাতীয় পার্টির নেতা আহমদ রিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীদের ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চেয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: