হবিগঞ্জে ফুটবল খেলায় তর্কের জেরে নিহত ১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া (৩০) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্র্যাক স্কুল মাঠে ফুটবল খেলাকে ঘিরে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের শান্ত নামে এক যুবকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়।
তবে খেলা শেষে বাড়ি ফেরার পথে আবারও ইব্রাহিমের সঙ্গে শান্ত ও তাঁর ভাই সৌরভের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তাঁরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ইব্রাহিমকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: