নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে বিভক্ত ব্রাজিলিয়ানরা
২০২৬ ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও ব্রাজিলিয়ান শিবিরে বইছে অস্থিরতার হাওয়া। বিশেষ করে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে খোদ ব্রাজিলেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার এখনো কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিতে না পারায় প্রশ্ন উঠেছে—আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে এই পোস্টার বয়কে? উত্তর মিলবে আগামী ১৮ মে, যেদিন আনচেলত্তি ঘোষণা করবেন ব্রাজিলের চূড়ান্ত দল। তবে তার আগেই ব্রাজিলের রাজনৈতিক ও সামাজিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’-এর এক জরিপে উঠে এসেছে নেইমার ও সেলেসাওদের নিয়ে ফুটবল অনুরাগীদের চরম নেতিবাচক মনোভাব।
গত বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফল বলছে, নেইমারকে জাতীয় দলে রাখার পক্ষে মত দিয়েছেন মাত্র ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। অন্যদিকে, ৪৫ শতাংশ মানুষ সরাসরি তাঁর দলে ফেরার বিপক্ষে। বাকি ৮ শতাংশ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শুধু নেইমার নয়, খোদ বিশ্বকাপ নিয়েও আমেজ নেই সাম্বার দেশে। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাঁদের মনে কোনো উন্মাদনাই নেই; মাত্র ১২ শতাংশ মানুষ রোমাঞ্চ অনুভব করছেন।
সবচেয়ে হতাশাজনক চিত্র ফুটে উঠেছে শিরোপার স্বপ্ন নিয়ে। ৬৮ শতাংশ ব্রাজিলিয়ানই বিশ্বাস করেন না যে, এবার হেক্সা (ষষ্ঠ শিরোপা) জেতা সম্ভব। ২০২৩ সালের পর দেশটির ফুটবলে এমন নেতিবাচক পূর্বাভাস আর দেখা যায়নি। কোচ কার্লো আনচেলত্তির জনপ্রিয়তা নিয়েও রয়েছে সংশয়; তাঁর পারফরম্যান্সে খুশি ৪১ শতাংশ মানুষ, যেখানে ২৯ শতাংশই তাঁর ওপর নাখোশ। আনচেলত্তির অধীনে ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেলেও তিনটিতে হার মেনে নিতে পারছেন না সমর্থকরা। ২ হাজার ৪ জন মানুষের ওপর চালানো এই জরিপ স্পষ্ট করে দিয়েছে যে, নেইমার ও ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স সমর্থকদের মনে আশার চেয়ে আশঙ্কাই বেশি তৈরি করছে।
এ রহমান
মন্তব্য করুন: