মৌলভীবাজারে চা-শ্রমিকদের বিক্ষোভের মুখে বাগান ছাড়ছেন দুই কর্মকর্তা

মৌলভীবাজারে চা-শ্রমিকদের বিক্ষোভের মুখে বাগান ছাড়ছেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৯/০৭/২০২৬ ১৮:১৬:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফতেহবাগ চা বাগানে অসুস্থ এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে টানা দুই দিন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। পরে প্রশাসন, জনপ্রতিনিধি ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমি রবিদাস (স্বামী: সুকুমার রবিদাস) প্রায় ২০ থেকে ২২ দিন ধরে অসুস্থ ছিলেন। শ্রমিকদের অভিযোগ, এ সময় বাগানের ম্যানেজার ও ম্যাডওয়াইফ তাঁর চিকিৎসার বিষয়ে যথাযথ উদ্যোগ নেননি।

গত ২৬ জুলাই সুমি রবিদাসকে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁর শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অভিযোগ রয়েছে, তাঁকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়নি। পরে ওই দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা টানা দুই দিন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, জুড়ী ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি কমল ব্যানার্জি, সাধারণ সম্পাদক রতন কুমার পাল, প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের ম্যানেজার নুর আহমদ ও ম্যাডওয়াইফ শিপন রানী মল্লিক তিন দিনের মধ্যে বাগান ছেড়ে চলে যাবেন। এরপর শ্রমিকরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন। বর্তমানে বাগানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে ম্যানেজার নুর আহমদ ও ম্যাডওয়াইফ শিপন রানী মল্লিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad