নামফলক পুনঃস্থাপন
মৌলভীবাজারে স্বনামে ফিরলো সরকারি কলেজে ‘জিয়া অডিটোরিয়াম
মৌলভীবাজার সরকারি কলেজ-এ ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে নামফলকটি পুনরায় স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, পূর্ববর্তী শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নামফলক ভেঙে ফেলা হয়েছিল। সেটি এখন প্রাতিষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়েছে, যা ইতিহাস ও আদর্শের পুনরুদ্ধার বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, অডিটোরিয়ামটির সংস্কারে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে। সংস্কার শেষে এটি আধুনিক সুবিধাসম্পন্ন একটি মানসম্মত অডিটোরিয়ামে রূপ দেওয়া হবে।
কলেজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, একটি মাস্টারপ্ল্যানের আওতায় নতুন একাডেমিক ভবন নির্মাণ, ছাত্রী হোস্টেলের সংস্কার এবং পুরোনো স্টেডিয়ামের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। তারা কলেজের উন্নয়ন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে এমপি নাসের রহমান কলেজে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তিনি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
ডি আর ডি
মন্তব্য করুন: