সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ
ছাতকে বোনের ধাক্কায় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে বোনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইসাদ আলী (৫৫) ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত জবই বেগম নিহতের চাচাতো বোন এবং তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জবই বেগম তাঁর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। তবে ওই প্রাচীরটি নির্মিত হলে গ্রামের অন্তত ৩০-৩৫টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই প্রেক্ষাপটে ইসাদ আলী প্রাচীর নির্মাণে বাধা দিলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। স্বজনদের দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে জবই বেগম জোরালো ধাক্কা দিলে ইসাদ আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত পক্ষের লোকজন বাড়িঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মুরছালিন জানান, সীমানা প্রাচীর ও চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: