দোয়ারাবাজারে জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর থানায় অভিযোগ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে জুয়া খেলা ও মাদক বেচাকেনা বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২২ এপ্রিল) রাতে ‘নৈনগাঁও সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি’র পক্ষ থেকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, নৈনগাঁও গ্রামের বিভিন্ন দোকান, মাঠ ও জনসমাগমস্থলে দিন-রাত সমানতালে জুয়া খেলা চলছে। এর পাশাপাশি এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। গ্রামবাসীর দাবি, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ নিয়ে পুরো গ্রামের সচেতন মহলের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
নৈনগাঁও সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটির আহ্বায়ক মো. আব্দুল গফ্ফার ও যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমানের নেতৃত্বে কমিটির সদস্যরা থানায় গিয়ে এই অভিযোগ দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. রফিক মিয়া, মো. রকিব আলী, মো. আমির আলী, মো. সিরাজ আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম তালুকদার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: