তিন দশক পর ‘খলনায়ক’ ফিরছে
নব্বই দশকের কাল্ট ক্লাসিক সিনেমা ‘খলনায়ক’-এর সেই আইকনিক চরিত্র ‘বাল্লু’ নিয়ে বড় পর্দায় ফিরছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে সুভাষ ঘাই পরিচালিত ব্লকবাস্টার এই সিনেমার সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একটি টিজার শেয়ার করেছেন সঞ্জুবাবা। তিন দশক পর বলিউডের অন্যতম ভয়ংকর এই অ্যান্টি-হিরো চরিত্রের প্রত্যাবর্তন নিয়ে সিনেমা পাড়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
সঞ্জয় দত্তের শেয়ার করা টিজারটি এক মুহূর্তেই দর্শকদের নব্বই দশকের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়েছে। সেই আইকনিক সংলাপ আর ব্যাকগ্রাউন্ডে ‘খলনায়ক হুঁ ম্যায়’ গানের সুর ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। ঘোষণা পোস্টের ক্যাপশনে সঞ্জয় লিখেছেন, “কিছু গল্প কখনও শেষ হয় না... সেগুলো ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে শেষ হয়েছিল।” জানা গেছে, এই সিক্যুয়েলের মাধ্যমে আবারও পরিচালকের আসনে ফিরছেন প্রভাবশালী নির্মাতা সুভাষ ঘাই। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জিও স্টুডিওস, অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট এবং থার্ড ডাইমেনশন মোশন পিকচার্স।
তবে তিন দশক আগের সেই প্রেক্ষাপট আর বর্তমানের আধুনিক সিনেমার আখ্যানের মধ্যে সমন্বয় করাটাই হবে নির্মাতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভিলেন চরিত্ররাই যেখানে সিনেমার কেন্দ্রবিন্দুতে থাকেন, সেখানে নব্বই দশকের ‘খারাপ লোক’ ধারণাকে আধুনিক জেন জি প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলতে শক্তিশালী বিষয়বস্তুর প্রয়োজন হবে। নস্টালজিয়া বয়স্ক দর্শকদের টানলেও, নতুন প্রজন্মের মন জয় করতে প্রয়োজন হবে একটি আধুনিক ও টানটান আখ্যান। ‘খলনায়ক রিটার্নস’ সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।
এ রহমান
মন্তব্য করুন: