ভারতের কাছে হেরে বিদায় নিলেও ১৪ বছর পর ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

এশিয়ান বীচ গেমস কাবাডি

ভারতের কাছে হেরে বিদায় নিলেও ১৪ বছর পর ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের

প্রথম ডেস্ক

২৬/০৪/২০২৬ ১৮:২০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান বীচ গেমসে নারী কাবাডির সেমিফাইনালে ভারতের কাছে হারলেও এক বড় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করল বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বীচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

চীনের সানিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের শক্তিশালী বাঁধার মুখে পড়ে বাংলাদেশ। সেমিফাইনালের এই হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনালে পৌঁছাতে না পারলেও নিয়ম অনুযায়ী সেমিফাইনালে খেলার সুবাদে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ভারত ২২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল, যা বাংলাদেশের জন্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে ভারতের অভিজ্ঞ রেইডারদের ঝোড়ো আক্রমণে রক্ষণভাগ খেই হারিয়ে ফেললে শেষ পর্যন্ত ১৯ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে।

ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি। যদিও গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ৩৬-৩৮ পয়েন্টে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয় তারা। হারলেও লড়াই করার মানসিকতা এবং ১৪ বছর পর ব্রোঞ্জ পদক প্রাপ্তি দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টুর্নামেন্টের র‍্যাঙ্কিং অনুযায়ী তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করল বাংলাদেশ নারী দল।


এ রহমান

মন্তব্য করুন: