বিজিবির অভিযান
কুলাউড়ায় ৯ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ বিজিবির একটি টহল দল আলীনগর সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: