বিপুল মালামাল উদ্ধার
হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালপত্র উদ্ধার করা হয়। রবিবার (২৬ এপ্রিল) জেলা পুলিশের এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনা ও মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হকের তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। শুরুতে হবিগঞ্জ সদর এলাকা থেকে চক্রের দুই সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) এবং সোহাগ মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, সোহাগ মিয়ার ভাঙারি দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: