সুনামগঞ্জের বরাম হাওরে ধান কাটা পরিদর্শনে জেলা প্রশাসক
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে বোরো ধান কাটা কার্যক্রম ত্বরান্বিত ও মাঠ পর্যায়ের পরিস্থিতি তদারকির লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) হাওর পরিদর্শনকালে তিনি প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মোকাবিলায় কৃষকদের দ্রুত পাকা ধান ঘরে তোলার আহ্বান জানান এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং ধান কাটার যান্ত্রিক সরঞ্জাম পরিচালনায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কৃষকদের আশ্বস্ত করেন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় কোনো প্রকার বিলম্ব না করে দ্রুততম সময়ে ফসল সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। হাওর পরিদর্শন শেষে তিনি দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তাদের সাথে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হবে হাওরের ধান কাটা দ্রুত নিশ্চিত করা। কৃষকরা যাতে কোনো প্রতিকূলতায় না পড়েন, সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করতে হবে।" দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজীব সরকারসহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাম হাওরে ধান কাটার গতি বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: