হবিগঞ্জে সাইবার প্রতারণার খোয়া যাওয়া টাকা ও ২৩ মোবাইল উদ্ধার
হবিগঞ্জে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ও হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব টাকা ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। খোয়া যাওয়া টাকার একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার ঘটনায় হারিয়ে যায়। কিছু অর্থ ভুলবশত অন্য হিসাবে পাঠানো হয়েছিল।
পুলিশের তথ্যমতে, ২৯ জন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এর মধ্যে সাতজনকে মোট ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। ২২ জন মালিকের কাছে ২৩টি মোবাইল ফোন হস্তান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, সাইবার প্রতারণা রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অনলাইন লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বপন রবি দাশ
মন্তব্য করুন: