সুনামগঞ্জে বোরো ধানের প্রকৃত ক্ষতির চিত্র নিয়ে ক্ষোভ
Led Bottom Ad

কৃষি বিভাগের তথ্যে শুভঙ্করের ফাঁকি

সুনামগঞ্জে বোরো ধানের প্রকৃত ক্ষতির চিত্র নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৭/০৫/২০২৬ ০০:৩২:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির সরকারি পরিসংখ্যান নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখ্য সচিবের উপস্থিতিতে এই বিতর্ক সৃষ্টি হয়। সভায় উপস্থিত বক্তারা দাবি করেন, মাঠপর্যায়ে কৃষি বিভাগ ও প্রশাসনের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

সভার শুরুতে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মোহাম্মদ ওমর ফারুক ক্ষয়ক্ষতির সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলায় ইতোমধ্যে ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে এবং মাত্র ৯ শতাংশ জমি প্লাবিত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৯৬ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা ৫০ হাজার ৯১৩ জন।

তবে প্রশাসনের এই তথ্যের সঙ্গে তাৎক্ষণিক দ্বিমত পোষণ করেন স্থানীয় রাজনীতিবিদ ও কৃষক নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, "মাঠে এখনও ৫০ ভাগ ধানও কাটা হয়নি। অথচ কর্মকর্তাদের খাতায় ৮০ ভাগ! এই ভুল তথ্যে কৃষকরা বঞ্চিত হবেন।"

আইনজীবী শেরেনুর আলী ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী একই সুরে বলেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বাঁধ এবং জলাবদ্ধতার কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। তাঁরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে ঢাকা থেকে একটি উচ্চতর ‘সার্ভে টিম’ পাঠানোর দাবি জানান। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মন্তব্য করেন, প্রকৃত চিত্র আড়াল করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত কৃষক সহায়তার আওতা থেকে বাদ পড়েন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সহায়তা পায় সেটি নিশ্চিত করতে হবে। প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "ক্ষতিগ্রস্তের তালিকা হবে দুর্নীতিমুক্ত ও নির্ভুল। আর কোনো ঠিকাদার পোষা বা অর্থ লুটপাটের প্রকল্প হবে না।"

ভারপ্রাপ্ত সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সভা শেষে বিকেলে মন্ত্রীরা খরচার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে তিন মাসব্যাপী সরকারি ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad