খোলা হলো পৃথক আইসোলেশন ওয়ার্ড
সুনামগঞ্জ সদর হাসপাতালে হামের প্রাদুর্ভাব
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (৬ মে) দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ৯৪ জনের মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৭২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এবারের প্রাদুর্ভাবে ৫ বছর বা তার কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, যার প্রধান কারণ হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং টিকাদানে ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় সাধারণ রোগীদের সংক্রমণ ঝুঁকি এড়াতে হাসপাতালের আটতলায় এই পৃথক আইসোলেশন ওয়ার্ডটি চালু করা হয়েছে এবং মূল ইউনিটে জায়গা না হওয়ায় এখন থেকে আক্রান্তদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুর শরীরে অস্বাভাবিক জ্বর এবং লালচে দানা বা র্যাশ দেখা দেওয়া মাত্রই কোনো ধরনের অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে সংক্রমণ রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: