দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে আধিপত্য বিস্তার ও জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টার দিকে স্থানীয় ইউপি সদস্য সাহাদিপ ও মনির পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীনগর গ্রামের দুটি বিল দীর্ঘ কয়েক বছর ধরে মনির ও তাঁর পক্ষের লোকজন ভোগদখল করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউপি সদস্য সাহাদিপ ও তাঁর অনুসারীরা বিল দুটির দখল নেন। মঙ্গলবার বিকেলে সাহাদিপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনির পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ধারালো অস্ত্র ও রডের আঘাতে মনির পক্ষের ৩০ জন এবং সাহাদিপ পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। বাকিদের রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের অভিযোগ, সাহাদিপ মেম্বারের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ এবং তিনি প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করছেন।
অন্যদিকে, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: