মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ
হবিগঞ্জের মাধবপুরে পাঁচটি চা বাগানের ১২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম ধাপে ১২৫টি পরিবারকে ছাগল ও ছাগলের খাবার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১৩৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে একইভাবে ছাগল বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের সহোদর সৈয়দ মো. শাহজাহান এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, ভেটেরিনারি সার্জন জাদিদ আল শামীম এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: