বড়লেখায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা ও ডিনেট-এর উদ্যোগে নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এক নাগরিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাহবুব আলম মাহবুব।
সভায় স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, নাগরিক চাহিদা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সরকারি দপ্তর ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণ, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুব আলম মাহবুব উপজেলার যেকোনো প্রান্তের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনিয়ম বা অরাজনৈতিক কর্মকাণ্ড দ্রুত প্রশাসনের নজরে আনার অনুরোধ করেন, যাতে নাগরিক সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়।
প্রচেষ্টা নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শামিম আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেষ বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মক্তার আলী, প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব, মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, হাকালুকি ভিসিজির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ এবং উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ রহমান
মন্তব্য করুন: