ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বাহুবলে যানবাহনের চাপায় লেবু বিক্রেতা নিহত
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় গুরুতর আহত খুচরা লেবু বিক্রেতা আব্দুল মতিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৭ মে) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল মতিন বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তেলিবাড়ি গ্রামের আবরু মিয়ার ছেলে। দুর্ঘটনার পর তিনি দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার ভোরে বাহুবলের পাহাড়ি ফলের বাজার 'মুছাই' থেকে পাইকারি দরে লেবু কিনে দিগম্বর বাজারে বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকযোগে রওনা হন আব্দুল মতিন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের একটি স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগামী যানবাহন তাঁর ইজিবাইকটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহতের চাচাতো ভাই সুন্দর আলী জানান, আব্দুল মতিন ছিলেন পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি; তাঁর দুই ছেলে শ্রমিক হিসেবে কাজ করে এবং একমাত্র মেয়ে আখি আক্তার পঞ্চম শ্রেণিতে পড়ে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা ঘটনাটি জানেন না বলে জানালেও বাহুবল মডেল থানার ডিউটি অফিসার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: