কাগজপত্রসংক্রান্ত জটিলতা
সৌদিতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মুকিব আটক
কাগজপত্রসংক্রান্ত জটিলতায় সৌদি আরবে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বর্তমানে তিনি সে দেশের সরকারি হেফাজতে রয়েছেন। তাঁর অবস্থান শনাক্ত ও দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ‘কনস্যুলার অ্যাক্সেস’ চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলীর সুনির্দিষ্ট অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
জেদ্দার একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানায়, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে দ্রুত এই জটিলতার অবসান ঘটে এবং তাঁর অবস্থান নিশ্চিত করা যায়।’
আহমেদ আলী মুকিবের আকস্মিক এই আটকের খবরে তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জসহ দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত ও নিরাপদ মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কার্যকর ও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
মীর্জা ইকবাল/ ডি আর ডি
মন্তব্য করুন: