সুনামগঞ্জে মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে ‘শিখন আড্ডা’
পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া সাংবাদিকতায় টিকে থাকা কঠিন। তাই পেশাগত মানোন্নয়নে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভিডিও স্টোরিটেলিংয়ের মতো আধুনিক মাধ্যমগুলো আয়ত্ত করতে হবে।
আজ সোমবার (১৮ মে) রাত আটটায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা’ বিষয়ক এক ‘শিখন আড্ডা’য় বক্তারা এসব কথা বলেন। বিলেতের রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক আ স ম মাসুমকে নিয়ে এই অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে আ স ম মাসুম বলেন, ‘সাংবাদিকতার সনাতন সংজ্ঞা এখন বদলে গেছে। বর্তমানে প্রযুক্তিই সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে। তবে প্রযুক্তি যত আধুনিকই হোক না কেন, নীতি-নৈতিকতা মেনে ও তথ্যের সোর্সের (উৎস) সুরক্ষা দিয়ে যথাসময়ে সঠিক কাজটি করাই আসল সাংবাদিকতা।’ তিনি কেবল ভিউ বা ভাইরালের পেছনে না ছুটে মাঠপর্যায়ের জনগুরুত্বপূর্ণ ও কমিউনিটি নিউজের দিকে বেশি নজর দেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। এ সময় তিনি মোবাইল সাংবাদিকতা, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন মফস্বলের তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কারিগরি জ্ঞান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মাল্টিমিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এল আর রাজু/ ডি আর ডি
মন্তব্য করুন: