প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে ব্যারিস্টার আদিব চৌধুরী,দায়িত্বশীল ভূমিকার অঙ্গীকার
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তাঁর বক্তব্যে সংসদে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জাতীয় ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি দলীয় সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সংসদীয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়।
হিফজুর রহমান / ডি আর ডি
মন্তব্য করুন: