দোয়ারাবাজারে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৬’–এর উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা-২০২৬”। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বিশেষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম। উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর রবিন আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এবং দোয়ারাবাজারের সাব-রেজিস্ট্রার মো: তফাজ্জুল হোসেন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে এবং মেলায় আসা নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল সেবা সম্পর্কে অত্যন্ত সহজ ভাষায় অবহিত ও সচেতন করা হচ্ছে। মেলা উপলক্ষে স্থাপিত বিশেষ স্টলগুলো থেকে ই-নামজারি, খতিয়ান বা পর্চা সংগ্রহ, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ সরকারের আধুনিক অনলাইনভিত্তিক ভূমি সেবাসমূহ কীভাবে ঘরে বসেই পাওয়া যায়, সে বিষয়ে সরাসরি তথ্য, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আজ ১৯ মে থেকে শুরু হওয়া এই তথ্য ও সেবাধর্মী মেলা আগামী ২১ মে পর্যন্ত টানা তিন দিনব্যাপী চলবে। ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমির মালিকানা সংক্রান্ত জটিলতা নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা অত্যন্ত সহজ, দ্রুত, স্বচ্ছ এবং সম্পূর্ণ দালাল ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে সরকারের গৃহীত আধুনিক ডিজিটাল উদ্যোগসমূহ জনগণের কাছে সফলভাবে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
মাসুদ রানা সোহাগ/এআর
মন্তব্য করুন: