ছাতকে ইউনিয়ন আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতকে খুরমা উত্তর ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং পুরস্কার বিতরণী সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খুরমা উত্তর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন, গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা,উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ও ১১ টি বিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। দিনব্যাপী আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,সন্মানিত বিশেষ অতিথি, বিদ্যালয়ের সমুহের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক প্রতিযোগী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। আয়োজনটি সকল বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।
এ রহমান
মন্তব্য করুন: