হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট
Led Bottom Ad

দেশি গরুর চাহিদা বেশি

হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

প্রথম ডেস্ক

২১/০৫/২০২৬ ১০:৫৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। জেলার শহর থেকে শুরু করে উপজেলা ও গ্রামাঞ্চলের হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে গরু, ছাগল ও ভেড়ার সরবরাহ এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা ও দরদাম। হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, বানিয়াচং, লাখাই ও আজমিরীগঞ্জসহ জেলার বিভিন্ন হাটে স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন। তবে এবার হাটে দেশীয় জাতের ও প্রাকৃতিকভাবে লালন-পালন করা গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং বড় আকারের ষাঁড়গুলো ক্রেতাদের বিশেষভাবে নজর কাড়ছে। হাট ঘুরে দেখা গেছে, ছোট আকারের গরু ৭০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হচ্ছে এবং মাঝারি ও বড় গরুর দাম ১ লাখ ৫০ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত উঠছে। শায়েস্তাগঞ্জ উপজেলার খামারি কাজল মিয়া জানান, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার গরু লালন-পালনে খরচ অনেক বেড়েছে, তবে এখন পর্যন্ত বাজারের যে অবস্থা তাতে ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। চুনারুঘাট থেকে আসা ব্যবসায়ী সালেক মিয়াও শেষ সময়ে আরও ভালো বেচাকেনার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে ক্রেতাদের কেউ কেউ দাম কিছুটা বেশি মনে করলেও পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় দরদাম করে আগেভাগেই পছন্দের পশু কিনে নিচ্ছেন। জেলা শহরের ক্রেতা নুরুল হক কবির বলেন, হাটে প্রচুর পশু এসেছে, তাই দরদাম করে ভালো পশু কেনার চেষ্টা করছেন। পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ হাটগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি জাল টাকা শনাক্তে ব্যাংকের প্রতিনিধি দল ও বিশেষ টিম কাজ করছে এবং যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, এ বছর হবিগঞ্জ জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং হাটগুলোতে অসুস্থ পশু বিক্রি রোধে ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad