সরকারি চাল বিতরণকালে
হবিগঞ্জে ‘আমার চাল’ বলে বৃদ্ধাকে থাপ্পড় দিলেন বিএনপি নেতা
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফের চাল বিতরণকালে এক অসহায় ও বৃদ্ধা নারীকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আব্দুল ওয়াহাব মিয়া। তিনি বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শুধু মারধরই নয়, সরকারি চালের বস্তা নিয়ে টানাটানি এবং ওই চালকে নিজের দাবি করার একটি ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বুল্লা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে সরকারি ভিজিএফের চাল বিতরণকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাল বিতরণের একপর্যায়ে লাইনে দাঁড়ানো এক বৃদ্ধা নারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব। একপর্যায়ে তিনি সবার সামনে ওই বৃদ্ধার গালে সজোরে থাপ্পড় মারেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চরম হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ওই বৃদ্ধা অশ্রুসিক্ত চোখে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি সরকারি চাল আনতে গিয়েছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া আমার গালে থাপ্পড় মেরেছেন। আমি এর বিচার চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চাল বিতরণকেন্দ্রে চালের বস্তা নিয়ে টানাটানি করছেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব। একপর্যায়ে এক ব্যক্তি একটি চালের বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাধা দিলে আব্দুল ওয়াহাব দাম্ভিকতার সঙ্গে বলেন, ‘ওই চাল আমার!’
বৃদ্ধা নারীকে মারধরের বিষয়টি অস্বীকার না করে উল্টো ঔদ্ধত্য প্রকাশ করেছেন অভিযুক্ত আব্দুল ওয়াহাব মিয়া। জানতে চাইলে তিনি থাপ্পড় মারার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, ‘আমি একটা থাপ্পড় দিছি, অন্য কেউ হলে আরও বেশি দিত।’
এ বিষয়ে জানতে চাইলে বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন গোপ প্রথম সিলেটকে বলেন, ‘ঘটনাটির পর ইউনিয়ন পরিষদে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে আমার কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়। সেখানে সবার উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে। অভিযুক্ত আব্দুল ওয়াহাব নিজের ভুল স্বীকার করে ওই ভুক্তভোগী বৃদ্ধার কাছে জোরহাতে ক্ষমা চেয়েছেন।’
এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ চৌধুরী। তিনি প্রথম সিলেটকে বলেন, দলের পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো অন্যায় বা অনিয়ম করলে তার দায়ভার দল নেবে না। কেউ যদি দলের নীতি-আদর্শ পরিপন্থী কাজ করে সংগঠনের সুনাম নষ্ট করে, তবে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি চাল বিতরণকেন্দ্রে একজন অসহায় নারীর ওপর এমন অন্যায় আচরণ ও চাল নিয়ে টানাহেঁচড়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।
ফয়সল চৌধুরী /ডি আর ডি
মন্তব্য করুন: