মৌলভীবাজারে বজ্রপাতে পৃথক স্থানে কৃষক ও চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক চা শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় এই পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে কৃষক তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা চা শ্রমিক স্বপন মুন্ডা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় তীব্র বৃষ্টি ও বজ্রপাত হয়; এ সময় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন কৃষক তালেব মিয়া, হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান চা শ্রমিক স্বপন মুন্ডা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির আলী বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: