লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগ
টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
একটি খাতা, একটি কলম কিংবা একটি পেন্সিল—কারও কাছে খুব সাধারণ কিছু মনে হলেও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে এগুলোই হতে পারে নতুন জীবন গড়ার ও স্বপ্ন দেখার এক অনন্য অনুপ্রেরণা; আর সেই স্বপ্নের আলো ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশনে সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। মূলত একঝাঁক শিক্ষার্থীর নিজেদের দৈনন্দিন টিফিনের জমানো সঞ্চিত টাকা দিয়ে এই ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের তহবিল গঠন করা হয়েছিল। শুক্রবার বেলা ১২টায় শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূল ধারায় ধরে রাখতে এবং তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই শিক্ষার্থীদের জমানো টিফিনের টাকায় এই ক্ষুদ্র প্রয়াস; সমাজের বিত্তবান ও তরুণ সমাজ এভাবে এগিয়ে এলে কোনো শিশুই আর শিক্ষা থেকে বঞ্চিত হবে না।
এ রহমান
মন্তব্য করুন: