মৌলভীবাজারে নারীর স্বর্ণালঙ্কার ছিনতাই, সিলেট থেকে গ্রেপ্তার ২
Led Bottom Ad

মৌলভীবাজারে নারীর স্বর্ণালঙ্কার ছিনতাই, সিলেট থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৩/০৫/২০২৬ ১৯:০২:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার পৌরসভার সৈয়দপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।


গত বৃহস্পতিবার (২১ মে) সিলেট মহানগরী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৩ মে) জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর (৪২) ও আকমল হোসেন (৩৯)। জাহাঙ্গীর আলম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব ছিরামপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে এবং আকমল হোসেন চান্দাই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, জাহাঙ্গীর দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও দস্যুতার মামলায় কারাভোগ করেছেন।


মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাসসহ একটি বিশেষ টিম টানা তিন দিন সিলেট জেলা ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।


পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত রোববার (১৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এক নারী তাঁর সন্তানসহ অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। মৌলভীবাজার শহরের সৈয়দপুর লক্ষ্মীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে লাল রঙের একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর গলা থেকে আনুমানিক আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লুণ্ঠিত চেইনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।


ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। গত বৃহস্পতিবার সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে প্রথমে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আকমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সবশেষে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত চেইনটি উদ্ধার করে পুলিশ।


থানা সূত্রে জানা গেছে, এই আন্তজেলা ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলে করে সিলেট থেকে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এসে নারীদের টার্গেট করত। এরপর নির্জন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এই চক্রটি সক্রিয় ছিল।


মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, এই ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad