বড়লেখায় পুলিশের বিশেষ চেকপোস্ট ও ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ মে) সিলেট রেঞ্জের নবযোগদানকৃত ডিআইজির নির্দেশনায় এবং বড়লেখা থানার ব্যবস্থাপনায় উপজেলার উত্তর চৌমুহনী এলাকায় একযোগে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানের সরাসরি নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানে অংশ নেয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অপরাধ নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তিবর্গের গতিবিধি নজরদারি, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অবৈধ যানবাহন তদারকিসহ সার্বিক নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়। অভিযান চলাকালে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সাথে চালক ও পথচারীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের তৎপরতা রুখে দিতে পুলিশের এই বিশেষ মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
হিফজুর রহমান / ডি আর ডি
মন্তব্য করুন: