ছাতকে গ্রামীণ সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন এমপি মিলন
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামে গ্রামীণ রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে।২৬ মে মঙ্গলবার দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বৃষ্টির মধ্যেই তিনি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এমপি মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ব্যাপক উন্নয়নের প্রয়োজন রয়েছে। তবে একসাথে সব কাজ করা সম্ভব নয়, তাই এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান তিনি।এলাকাবাসী জানান, ফকিটিলা-সোনালী চেলা সংযোগ সড়ক থেকে কুমারদানী গ্রামের ফুল মিয়ার বাড়ি হয়ে তেরা মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ১২ ফুট প্রস্থের এই সড়কটির মাটি ভরাট কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। এতে স্থানীয়দের মাঝে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়না মিয়া, ইউপি সদস্য মোঃ আলী হোসেন, মোঃ দিলোয়ার হোসেন, লিটন মিয়া, কালাম মিয়া, আব্দুল হেকিম, আব্দুর রহমানসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুজন তালুকদার/এআর
মন্তব্য করুন: