শেষ সময়ে পিছু হটলেন পরিবহন নেতারা: হবিগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

শেষ সময়ে পিছু হটলেন পরিবহন নেতারা: হবিগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

‎স্বপন রবি দাশ,নবীগঞ্জ প্রতিনিধি

০২/০৬/২০২৬ ২৩:২৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের তীব্র সমালোচনা, ক্ষোভ ও প্রতিবাদের মুখে অবশেষে অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে হবিগঞ্জ জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতারা এই ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের মনে।


এর আগে, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও শেরপুর সড়কে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস’ বাস চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এক যৌথ সভা শেষে আগামী ৩ জুন (বুধবার) থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছিল। জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের বাস চলাচল স্বাভাবিক করতে না দিলে জেলার সব রুটে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে।


ধর্মঘটের এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও নেটিজেনরা একে সাধারণ যাত্রীদের জিম্মি করার ‘অযৌক্তিক পাঁয়তারা’ বলে আখ্যা দেন। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হলে প্রশাসন ও পরিবহন মহলে চাপ তৈরি হয়।


শেষ পর্যন্ত জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে এবং জনরোষ এড়াতে পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে নেতারা জানান, উদ্ভূত সমস্যা নিরসনে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা ৩ জুনের ধর্মঘট স্থগিত ও প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে আগামীকাল বুধবার জেলা জুড়ে সব ধরনের গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad