হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, জনতার হাতে আটক ২

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, জনতার হাতে আটক ২

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি

০৪/০৬/২০২৬ ১৩:৪৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় স্থানীয় লোকজনের ধাওয়ায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা নিয়ে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎বুধবার দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়া ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

‎খেজুর মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র (ডেগার) উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

‎আটক ব্যক্তিদের পরে হবিগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়া এলাকায়।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়েও তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

‎ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

‎স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: