সৌদির কারাগার থেকে মুক্তি পেলেন আহমেদ আলী মুকিব
সৌদি আরবে আটক হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সৌদি আরবের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
সূত্র জানায়, পবিত্র হজের সময় ওমরা পালন করতে গিয়ে গত ৯ মে সৌদি আরবে গ্রেপ্তার হন আহমেদ আলী মুকিব। ওই দিনই মক্কা প্রশাসন তার বিরুদ্ধে দুটি মামলা করে। পরে ১৪ মে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এরপর ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশটির আদালত। মঙ্গলবার আবারও আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করা হয়।
এর আগে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট তার জামিনের জন্য উদ্যোগ নিলেও সৌদি কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি বলে জানা গেছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের সভাপতি ডা. আহমুদুর রহমান আবদাল মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১০টার দিকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব কিছুক্ষণ আগে সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আশা করছি, দুই থেকে তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।’
আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে সৌদি আরব বিএনপির সভাপতি ও দলের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
দেশে রাজনৈতিক পরিবর্তনের পর তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ফয়সল চৌধুরী / তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: