‘হেডলাইন’র মুক্তি, ২৫ জুন

‘হেডলাইন’র মুক্তি, ২৫ জুন

প্রথম ডেস্ক

১৯/০৬/২০২৬ ১৩:১২:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ওটিটি সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশের পর দর্শক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাংবাদিকতার অন্তর্লোক, সত্য অনুসন্ধানের লড়াই এবং ব্যক্তিগত টানাপোড়েনের গল্পে নির্মিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচই প্ল্যাটফর্মে।


সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটির ট্রেলারে উঠে এসেছে অনুসন্ধানী সাংবাদিকতার জগৎ, যেখানে সত্যের সন্ধানে নেমে চরিত্রগুলো জড়িয়ে পড়ে নানা জটিলতা ও ঝুঁকিতে। রহস্য, উত্তেজনা এবং মানবিক দ্বন্দ্বের মিশেলে তৈরি হয়েছে গল্পের আবহ।


পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গেছে। ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে। শুধু দর্শকরাই নন, সিরিজটির কলাকুশলীরাও ‘হেডলাইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এবং অপেক্ষায় রয়েছে সিরিজটি মুক্তির জন্য।


৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।


গল্পে দেখা যাবে, তরুণ রিপোর্টার সামিউল ভেবেছিল যে সে ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেকটা পেয়েই গেছে। বিশাল এক মানি লন্ডারিং সিন্ডিকেটের তথ্য ফাঁস করে দিয়েছিল সে। কিন্তু প্রথম পাতায় ছাপা তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায়। তখন সে হাড়ে হাড়ে টের পায় ছাপাখানার কালির দাম সস্তা হতে পারে, কিন্তু রক্তের দাম অনেক বেশি।


অন্যদিকে তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা ঢাকা দিতে। তার ওপর তাদেরকে ধরার জন্য হন্যে হয়ে পিছু লেগেছে দুর্নীতিবাজ ডিবি অফিসাররা। উপায় না পেয়ে সামিউল আর জহির জড়িয়ে পড়ে এক মরণ-ঘাতী ইঁদুর-বিড়াল খেলায়।


জহির চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’


তিনি আরও যোগ করেন, ‘শুধু চরিত্র নয়, হেডলাইন-এর গল্পটাও আমাকে ভীষণভাবে টেনেছে। গল্পের গতি, রহস্য, এবং সমসাময়িক প্রেক্ষাপট এতটাই শক্তিশালী যে এই প্রজেক্টে কাজ না করার কোনো কারণই ছিল না। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা তাদের বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে।’


দীর্ঘদিন তিন বছর পর আবারও ওটিটির কাজে প্রত্যাবর্তন করেছেন আফসান আরা বিন্দু। আর এই মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজে অভিষেক হতে যাচ্ছে তার। সিরিজে তার চরিত্রটির নাম আইরিন। বিন্দুও অপেক্ষায় আছেন সিরিজটি মুক্তির।

মীর্জা ইকবাল/ তাহির আহমদ

মন্তব্য করুন: