বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে শোকের ছায়া
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক ও ফুটবল–হকির দুই অঙ্গনের উজ্জ্বল তারকা Abdus Sadeq ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়েছে।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক ছিলেন এক অনন্য নাম। তিনি দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন এবং একই সঙ্গে ফুটবল মাঠেও রেখেছেন সমান দক্ষতার স্বাক্ষর। ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্রের প্রথম ফুটবল অধিনায়ক হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
সত্তর ও আশির দশকে ফুটবল ও হকি—উভয় ক্ষেত্রেই তার পারফরম্যান্স ও নেতৃত্ব দেশের ক্রীড়াঙ্গনে তাকে আলাদা অবস্থানে নিয়ে যায়। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ক্রীড়াজীবনে দেশের ক্রীড়া ইতিহাসে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
খেলোয়াড়ি জীবনের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। পরবর্তী সময়ে ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা দেশের ক্রীড়াব্যবস্থায় তার উপস্থিতিকে আরও অর্থবহ করে তোলে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শোকবার্তায় তিনি বলেন, আব্দুস সাদেকের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব ও কিংবদন্তিকে হারালো। ফুটবল ও হকি—উভয় ক্ষেত্রেই তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সজল আহমেদ
মন্তব্য করুন: